প্রতিবাদে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে কর্মরত সাংবাদিকেরা গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন৷ সংবাদ প্রকাশের জের ধরে প্রথম আলোর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা করার প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
বাউফল প্রেসক্লাবের সামনে সকালে উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন৷ তাঁরা সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা বলে দাবি করে ক্ষোভ ও নিন্দা জানান৷ তাঁরা এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে আমিরুল ইসলাম, জিতেন্দ্র নাথ রায়, আরেফিন সহিদ, জলিলুর রহমান, মাসুম ছিদ্দিকীসহ আরও স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, ‘সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মিজানকে হয়রান করতে এ মিথ্যা মামলা করা হয়েছে। তাই অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহারের দাবি জানাই।’
সংবাদ প্রকাশের কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন ক্ষুব্ধ হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে গত ২৬ মে পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে একটি মামলা করা হয়। আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন অনিয়ম ও প্রকল্পের টাকা আত্মসাৎ করা নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশ করা হয় প্রথম আলোয়। সর্বশেষ গত ২৪ মে ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলাটি করা হয়। পুলিশ তদন্ত শেষে ৩ জুন আদালতে প্রতিবেদন জমা দেয়। ৯ জুন আদালত মিজানুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগেও মিজানুরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এর একটি মারামারি করার মামলা, আরেকটি ধর্ষণ মামলা। মারামারি মামলার রায়ে বেকসুর খলাস পান তিনি। আর দীর্ঘ তদন্ত শেষে কোনো সত্যতা না পাওয়ায় পুলিশ ধর্ষণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।