বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ির রামগড়ে তৃতীয় শ্রেণীর শিশু ধর্ষণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে। এ সময় তারা অভিযুক্ত বেলাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছে। গতকাল সকাল ১০টায় মধ্যমপাড়ার মোড়ে পিসিপির শতাধিক নেতা-কর্মী জড়ো হয়ে মানববন্ধন করেন। পিসিপির বান্দরবান সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসী ফোরামের জেলা সাধারণ সম্পাদক অংচ মং মারমা, পিসিপির জেলা সাধারণ সম্পাদক নিত্যলাল চাকমা, কলেজ শাখার সভাপতি সাইন থোয়াই মারমা, সাংগঠনিক সম্পাদক উবাসিং মারমা ও ত্রিপুরা ছাত্র ফোরামের সদস্য সিমন ত্রিপুরা প্রমুখ। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রামগড় উপজেলার হাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী ধর্ষিত হয়। বেলাল হোসেন নামের এক দুর্বৃত্ত ধর্ষণ করেছেন বলে এলাকার লোকজনের অভিযোগে ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বক্তারা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এখানকার পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এর ফলে আদিবাসী নারীদের ধর্ষণ-নির্যাতনের মাত্রাও বেড়ে চলেছে। কিন্তু কোনো অপরাধীর এ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। তাঁরা বলেন, পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক সহিংস পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে নারীদের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে না।