প্রতিবাদে বাড়ি ও দোকানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ওরফে মিয়াভাইকে কুপিয়ে জখম করার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে উত্তর চরমার্টিন শান্তিরহাট বাজার এলাকায় বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে।
আওয়ামী লীগের সমর্থক ও আহত নেতার লোকজন ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর শহরের অদূরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের মিয়ার রাস্তার মাথা এলাকায় দুর্বৃত্তরা ইউসুফ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিনের দাবি, জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।
শান্তিরহাট বাজার এলাকায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন বলেন, আওয়ামী লীগের সমর্থকেরা তাঁর বসতবাড়ি ও ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।
চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলী আহমদ বলেন, হামলাকারীরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অজি উল্যাহর পোশাকের দোকান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুলের বসতবাড়ি, স্বর্ণের দোকানসহ ১০-১২টি দোকান ভাঙচুর চালান। কমলনগর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবির বলেন, ইউসুফ আলীর লোকজন মুন্সীরহাট ও বলীরপুল এলাকায়ও ১৮-দলীয় জোটের সমর্থকদের দোকানে হামলা চালিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন বলেন, আওয়ামী লীগের সমর্থকেরা কারও ঘরবাড়ি ও দোকানপাটে হামলা চালাননি। তবে ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় তাঁর লোকজন ক্ষুব্ধ হয়ে থাকতে পারে।
হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, ঢাকায় নেওয়ার পথে ইউসুফ আলী মারা গেছেন—এমন গুজবে বৃহস্পতিবার রাতে তাঁর সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই সময় তাঁরা এলাকার কিছু দোকানপাটে হামলার চেষ্টা চালান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।