ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপির স্থানীয় নেতা আবুল হোসেন (৪০) গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন।
আবুল হোসেনের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিএনপি ও এর অঙ্গসংগঠন ফুলগাজী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কর্মসূচিতে বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আবুল হোসেন ফুলগাজী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। ফুলগাজী থানার সামনে দিয়ে শ্রীপুর সড়ক হয়ে কিছু দূর যাওয়ার পর কয়েকজন সন্ত্রাসী অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা আবুল হোসেনকে বেধড়ক পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবুল হোসেনকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ফুলগাজী থানার ওসি আহম্মদ মো. নিজাম উদ্দিন জানান, এ ব্যাপারে গতকাল বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে আটকও করেনি।