সিলেট মহানগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ (দিনার) ‘নিখোঁজ’ হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ থেকে ইফতেখারের খোঁজ দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। গত ২২ মার্চ সিলেটে মাহমুদ হোসেন (শওকত) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ছাত্রদলের নেতা ইফতেখারকে আসামি করা হয়। ৩ এপ্রিল থেকে ইফতেখারের খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ ইফতেখারের পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি ‘গুম’ হয়েছেন দাবি করে ৬ এপ্রিল সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলন থেকে তাঁর সন্ধান দেওয়ার আহ্বান জানানো হয়। গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন (সেলিম)। মহানগর বিএনপির নেতা আবদুল কাইয়ুম জালালী, নোমান মাহমুদ, মোজাহিদ আলী, আশিক উদ্দিন, তারেক আহমদ চৌধুরী, জেলা বিএনপির আলী আহমদ, এ টি এম ফয়েজ, আজমল বখত, যুবদলের নজিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের হাসান আহমদ পাটওয়ারী, ছাত্রদলের নুরুল আলম সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। ছাত্রদলের কর্মীও ‘নিখোঁজ’: ইফতেখার আহমদের সঙ্গে থাকা তাঁর সহকর্মী ছাত্রদলের কর্মী জুনেদ আহমদও ‘নিখোঁজ’ রয়েছেন। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় গত সোমবার রাতে জুনেদের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি (নম্বর ৩০৫) সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, জুনেদ সিলেটের শাহপরান থানার সাদাটিকরের শাহজালাল হাউজিংয়ের ২৪ নম্বর বাসার ছালেহ আহমদের ছেলে। ছাত্রদলের নেতা ইফতেখারের সঙ্গে গত ২৭ মার্চ দুপুরে জুনেদ ঘর থেকে বের হয়ে যান। ৩ এপ্রিল পর্যন্ত তাঁর সঙ্গে পরিবারের লোকজনের মুঠোফোনে যোগাযোগ ছিল। তখন জুনেদ পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, তিনি ছাত্রদলের নেতা ইফতেখারের সঙ্গে ঢাকার উত্তরায় আছেন।