চট্টগ্রামে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার মিছিলটি নগরের লালদীঘি জেলা পরিষদ চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে নগর ছাত্রলীগের নেতা ইয়াছির আরাফাতের সভাপতিত্বে আজগর আলীর পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন নগর ছাত্রলীগের নেতা ফয়সাল, দেবাশীষ আচার্য, জায়েদ বিন কাশেম, রেজাউল আলম, মোজাম্মেল হক, জাহেদুল হক, ইমতিয়াজ উদ্দিন, আরিফ মঈনুদ্দিন, এম রাসেদ চৌধুরী, মো. মহিউদ্দিন প্রমুখ।
এদিকে সার্কিট হাউসের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত নগরের কোতোয়ালি থানায় কোনো মামলা হয়নি। আটক করা হয়নি জড়িত কাউকে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন,‘থানায় কেউ অভিযোগ দেয়নি।’
গত বৃহস্পতিবার রাতে নগরের সার্কিট হাউসে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মতবিনিময় করেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। মন্ত্রীরা চলে যাওয়ার পর নগর ছাত্রলীগের পদবঞ্চিত ও পদপ্রার্থীদের মধ্যে সংঘর্ষ হলে দুজন আহত হন। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল।
সমাবেশে বক্তারা বলেন, সার্কিট হাউসে নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় দেখা করতে গেলে ছাত্রলীগ নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্রনেতাদের ওপর হামলা করে নজির সৃষ্টি করেছে। বর্তমান কমিটির সবাই অছাত্র, বিবাহিত এবং নামকরা সন্ত্রাসী।