বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিভিন্ন স্থানে দলটি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচি পালন করেছেন। এ পরোয়ানা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার জামালপুর ও কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা হয়েছে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে জামালপুর শহরের শফি মিয়ার বাজার এলাকায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক শহীদুল হক খান। সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, মিজানুর রহমান, সদস্য আমান উল্লাহ আমান প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ও দলটির কারাগারে থাকা সব নেতা-কর্মীর মুক্তিসহ হয়রানি বন্ধের দাবি করেন।
কিশোরগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদল খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্র প্রত্যাহার ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানের রিমান্ড বাতিল করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল্লাহ কায়সার, সাজ্জাদ হোসেন, মো. পারভেজ ও মো. মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল আলম প্রমুখ।