প্রতিবাদে-বিক্ষোভে মে দিবস পালিত
মে দিবসের প্রতীক লাল পতাকার সঙ্গে এবারের মে দিবসে ছিল কালো পতাকার সমাবেশ। শ্রমিকেরা বুকে লাল ব্যাজের সঙ্গে পরেছিলেন কালো ব্যাজ। শ্রমিক ঐক্যের চিরাচরিত স্লোগানের পাশে শোনা গেছে সম্প্রতি ঘটে যাওয়া সাভারের রানা প্লাজাসহ একাধিক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে দিনটি উপলক্ষে আয়োজিত সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল প্রতিবাদ ও ক্ষোভ। রাজধানীতে মে দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনে বাজারদরের সঙ্গে সংগতি রেখে শ্রমিকের মজুরি পুনর্নির্ধারণ, সম্প্রতি মন্ত্রিপরিষদে অনুমোদিত শ্রম আইনের সংশোধন প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম মেনে এই আইনের সংশোধনসহ বিভিন্ন দাবি ওঠে।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শ্রমিক সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমাবেশে যোগ দেয়।রাজধানীর মতিঝিলের বিমান কার্যালয়ের সামনে ইমারত শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ সকালে শ্রমিক সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি সাংসদ রাশেদ খান মেনন মন্ত্রিপরিষদে অনুমোদিত শ্রম আইন ২০০৬ সংশোধনী সংসদে উত্থাপিত হলে এর বিরোধিতা করার অঙ্গীকার করেন। গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) জাতীয় প্রেসক্লাবের সামনে বেকার বিড়িশ্রমিকদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক মে দিবসের সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক সমাবেশে গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১০ দ্রুত অনুমোদনের দাবি করে।