দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গতকাল বুধবার বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশ করেছে। এসব কর্মসূচিতে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার আহ্বান জানান। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ শিরোনামে বরিশালে জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে মানুষের ঢল নামে। বিকেল সাড়ে চারটায় নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের দুই পাশে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।দিনাজপুর: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, মহিলা পরিষদ, দিনাজপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।কুড়িগ্রাম: হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন কমিটি মানববন্ধন ও সমাবেশ করে। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর এবং কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।রংপুর: বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে শহরের কাচারি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা: শহরের ডিবি রোডে জেলা পূজা উদ্যাপন পরিষদ, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।রাঙামাটি: সনাতন যুব পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে স্থানীয় পৌরসভা চত্বর থেকে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ গেটের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে সমাবেশ করে। গোপালগঞ্জ: জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেন। পরে ওই সড়কের দুই পাশে মানববন্ধন করা হয়।কিশোরগঞ্জ: শহরের কালীবাড়ি মোড়ে বিকেলে কিশোরগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদ্যাপন কমিটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এতে সর্বস্তরের অসংখ্য মানুষ ও সুশীল সমাজের নেতারা অংশ নেন।নরসিংদী: সকালে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের কয়েক হাজার লোক শহরের গোপীনাথ জিউর আখড়া মন্দিরের (বাক বিতান ক্লাব) সামনে সমবেত হয়। বেলা ১১টার দিকে ওই মন্দির থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।ময়মনসিংহ: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করা হয়।