প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর বাজারে গত শনিবার রাতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের সিরাজ মিয়ার বখাটে ছেলে সালাউদ্দিন পাশের নারায়ণপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করত। শনিবার সন্ধ্যায়ও ওই বখাটে স্কুলছাত্রীকে বাড়ির পাশে গিয়ে উত্ত্যক্ত করে। এ সময় নারায়ণপুর গ্রামের কয়েকজন যুবক তাকে ধরে মারধর করেন। মার খেয়ে সালাউদ্দিন নিজ গ্রামে গিয়ে তার বন্ধুসহ ৩০-৩৫ জন যুবককে সঙ্গে নিয়ে সিন্দুরপুর বাজারে যায় এবং তার ওপর হামলাকারীদের খুঁজতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে নারায়ণপুর গ্রামের কিছু লোক সংগঠিত হয় এবং মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত ঢুকেছে বলে ঘোষণা দেন। গ্রামবাসী এগিয়ে এসে তাদের ধাওয়া করেন।

এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কালা মিয়া (২১), মো. ফারুক (২২), বাচা মিয়া (১৮), মো. ছোটন (১৫), বাহার উদ্দিন (৩২), মো. সোহেল আহমঞ্চদ (১৮), সালমান রহমান (১৯), নেজাম উদ্দিন (১৭), দুলাল মিয়াসহ (৩২) অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা সিন্দুরপুর বাজারের জসিম উদ্দিনের দোকানসহ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর এবং লুটপাট চালায়। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দোকানে হামলা, লুটপাট ও ভাঙচুরকারীদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা গতকাল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিন্দুরপুর বাজারে সব দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানান, দোকানে হামলা, লুটপাট ও ভাঙচুরকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, সিন্দুরপুর বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বাজারের কয়েকটি দোকান ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেন। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ধর্মঘটের বিষয়টি তিনি অবগত নন।