কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে৷ গতকাল বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ এলাকায় ওই কর্মসূচি পালন করে করলজটির শিক্ষার্থীরা।
বেলা একটা থেকে দুইটা পর্যন্ত চলা মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, রফিকুল ইসলাম ভৈরবে প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠা করে নারী শিক্ষাকে এগিয়ে নেন। তাঁর হাত ধরে ভৈরবে বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা পেয়েছে। এমন একজন শিক্ষানুরাগীকে হত্যার চেষ্টার রহস্য উন্মোচন না হলে ভালো কাজে লোকজন উৎসাহ হারাবে। একই দাবিতে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় হালিমা-সাদিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।
বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর হক, শিক্ষক কল্যাণ পরিষদ ভৈরব শাখার সভাপতি মো. আলাল উদ্দিন।
গত মঙ্গলবার সকালে পৌর শহরের ভৈরবপুর মহল্লায় রফিকুল ইসলামের বসতঘরে ঢুকে তৌহিদুর রহমান নামে এক যুবক রফিকুল ইসলামকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয় জনতা তৌহিদুর রহমানকে আটক করে পুলিশে দেয়। তৌহিদ ও তাঁর বাবা বজলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।