প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল শুক্রবার সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।এদিকে, ওই ঘটনায় মিথ্যা ও অতিরঞ্জিত খবর প্রকাশের অভিযোগে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশনা বাতিল করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওই পত্রিকার স্থানীয় সংবাদদাতাসহ দুজনকে।গতকাল সকাল ১০টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ ও জেলা মন্দির সমিতিসহ চারটি সংগঠনের উদ্যোগে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কৃষক লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিত সাধু, সাধারণ সম্পাদক গোষ্ট বিহারী মণ্ডল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জি, সাধারণ সম্পাদক অনিত মুখার্জি, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ প্রমুখ।বক্তারা সহিংস ঘটনার উসকানিদাতা দৃষ্টিপাত পত্রিকার সম্পাদককে গ্রেপ্তার এবং সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। পরে সাতক্ষীরা জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়।গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সাতক্ষীরার কালীগঞ্জ ও চট্টগ্রামের হাটহাজারীতে সংখ্যালঘু হিন্দু সমপ্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল সকালে মানববন্ধন করেছে হিন্দু সমপ্রদায়ের বিভিন্ন সংগঠন। মানববন্ধন চলাকালে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস, রমনাথ বিশ্বাস, মঙ্গল চন্দ্র বিশ্বাস, বিমল কান্তি বিশ্বাস, সুবোদ চন্দ্র রায়, প্রমূখ বক্তব্য দেন।পটুয়াখালী অফিস জানায়, দেশের বিভিন্ন সামপ্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গতকাল সকালে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা প্রকাশ করে। দৃষ্টিপাতের প্রকাশনা বাতিল:সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত বুধবার এক চিঠিতে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশনা বাতিল করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৭ মার্চ ফতেপুর উচ্চবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত আবুল মনসুর আহমদ রচিত ‘হুযুর কেবলা’ প্রবন্ধের নাট্যরূপ মঞ্চায়ন করা হয়। কিন্তু এ নিয়ে দৃষ্টিপাত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে যেসব শব্দাবলি উল্লেখ করা হয়েছে নাটকের স্ক্রিপ্টে ও ধারণ করা ভিডিওচিত্রে ওই জাতীয় সংলাপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এভাবে মিথ্যা সংবাদ পরিবেশনের দায়ে দৃষ্টিপাত পত্রিকার প্রকাশনা বাতিল করা হলো।