ফেনীতে সময় টিভির সাংবাদিক আতিয়ার হাওলাদার ওরফে সজলকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী ও তাঁর সহযোগীরা গত রোববার সময় টিভির ফেনীর প্রতিবেদক আতিয়ারকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় মামলা করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
আতিয়ারকে লাঞ্ছিত করার প্রতিবাদে ফেনী প্রেসক্লাব গতকাল মঙ্গলবার শহরের ট্রাংক রোডে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির বেগের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মীর হোসেন, আবু তাহের, বখতেয়ার ইসলাম, কামাল উদ্দিন ভূইয়া, রফিকুল ইসলাম, রবিউল হক, আজাদ মালদার।
বক্তারা আতিয়ারের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
এর আগে সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এদিকে মানববন্ধন চলাকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিক আতিয়ারকে ফোন করে তাঁকে সমবেদনা জানান।