পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবের টিনের চালা ঘরটি ভেঙে দেওয়ার প্রতিবাদে তেঁতুলিয়া প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল সোমবার দুপুরে তেঁতুলিয়া চৌরাস্তায় এ মানববন্ধন হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মির্জা মুরাদ হোসেন বেগ পুলিশের সহায়তায় গত রোববার বিকেলে ঘরটি ভেঙে দেন। সমাবেশে অভিযোগ করা হয় ব্যক্তিগত আক্রোশ থেকে ঘরটি ভেঙে দেওয়া হয়েছে। খাসজমি থেকে উচ্ছেদে বিদ্যমান কোনো নিয়ম এ ক্ষেত্রে মানা হয়নি। প্রেসক্লাবটির আশপাশেই খাস জমি দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু এসব অবৈধ জমি উদ্ধারে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের।