প্রতিবাদে মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্রিষ্টান চিকিৎসক ও ধর্মযাজককে হত্যাচেষ্টার প্রতিবাদ জানিয়ে উত্তরবঙ্গ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। প্রথম দিনের কর্মসূচি হিসেবে গতকাল বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এরপর সেখানে এক সংবাদ সম্মেলনে বাকি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির দিনাজপুরের নেতা রবার্ট আর এন দাশ। সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির মধ্যে ২৯ নভেম্বর দেশ এবং বিশ্বের শান্তি ও সম্প্রীতির জন্য উত্তরবঙ্গের সব গির্জায় দিনব্যাপী মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা, সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অ্যাসেমব্লির সময় প্রার্থনা, ৩০ নভেম্বর দিনব্যাপী দেশের সব খ্রিষ্টান প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন, কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল, সর্বজনীন প্রার্থনা ও স্মারকলিপি প্রদান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রংপুর বিভাগের আট জেলায় ৬০ হাজারের বেশি খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বাস করেন। এঁরা দেশের শান্তি, স্থিতিশীলতা, সম্প্রীতি ও সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু সম্প্রতি দিনাজপুরে চিকিৎসক পিয়েরো পিচম এবং ঈশ্বরদীতে ফাদার পাস্টর লুক সরকারকে হত্যার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন চার্চের ধর্মযাজক, পালক ও সেবাকারীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুলের প্রধান শিক্ষক নির্মল ফ্রান্সিস রোজারিও বলেন, ‘আমরা নিজেদের কখনো সংখ্যালঘু মনে করি না। কিন্তু একেকটি দুর্ঘটনা এবং পরে নিরাপত্তার নামে পুলিশি বা আইনি ব্যবস্থা আমাদের সংখ্যালঘু ভাবতে বাধ্য করছে।’
দিনাজপুর সুইহারী মিশনের লেপ্রোসী কর্মকর্তা প্রনয় রোজারিও ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৮ নভেম্বর পিয়েরোকে হত্যাচেষ্টার পর থেকে পুলিশ নিরাপত্তার নামে মিশনের প্রধান ফটক বন্ধ রেখেছে।
সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক যোগেন জুলিয়ান বেসরা, রবার্ট আর এন দাশ, অ্যান্টোনি এন এন দাশ প্রমুখ ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলার মিশনারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।