
কিশোরগঞ্জ সদর উপজেলার খাজা মঈন উদ্দিন চিশতি (র.) দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার ফজলুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্ত মো. আবু তাহের বেপারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আবু তাহের বেপারী রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের কালীবাড়ি মোড়ে বিক্ষুব্ধ শিক্ষক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের হাতে ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ন্যক্কারজনক ঘটনা শুধু সুপার ফজলুর রহমানকে নয়, গোটা শিক্ষক সমাজকে লাঞ্ছিত ও অপমানিত করার শামিল। কিন্তু ঘটনার প্রায় ২৪ দিন হয়ে গেলেও এখনো আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। অবিলম্বে আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মাদ্রাসার পরিচালনা কমিটি থেকে তাঁকে বহিষ্কারের দাবি জানান তাঁরা। খাজা মঈন উদ্দিন চিশতি (র.) দারুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো. আক্কাস আলী বলেন, দোষী ব্যক্তি যে-ই হোক, তার কঠোর শাস্তি হওয়া উচিত।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান বলেন, আবু তাহেরকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি চালিয়েছে। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, একজন শিক্ষককে লাঞ্ছিত করা খুবই নিন্দনীয়। তিনি স্মারকলিপি গ্রহণ করেছেন। দোষী ব্যক্তি যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সে ব্যাপারে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে আবু তাহেরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।