প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাতারপাইয়া আই কে দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা গতকাল সেনবাগ-সোনাইমুড়ী সড়ক অবরোধ করে l প্রথম আলো
ছাতারপাইয়া আই কে দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা গতকাল সেনবাগ-সোনাইমুড়ী সড়ক অবরোধ করে l প্রথম আলো

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া আই কে দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সফিকুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবকেরা। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ছাতারপাইয়া বাজারে এসব কর্মসূচি পালিত হয়।
অবরোধের কারণে সেনবাগ-সোনাইমুড়ী সড়কে দীর্ঘ প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই দিকে অনেক যানবাহন ও মালবাহী গাড়ি আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার সুপারকে লাঞ্ছনার ঘটনায় জড়িত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
মাদ্রাসার সুপার সফিকুর রহমান জানান, গত সোমবার ছুটি হওয়ার পর ছাত্রছাত্রীরা যথারীতি মাদ্রাসা ত্যাগ করতে থাকে। এ সময় ছাতারপাইয়া গ্রামের মো. বাবু (২৩) ও মো. সোহাগ (২৫) মাদ্রাসার সামনে এসে ছাত্রীদের ইভ টিজিং করেন। তিনি প্রতিবাদ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে অশ্লীল ভাষায় গালমন্দ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি তিনি ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে অবহিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় এসেই সুপারকে বখাটেরা লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদমুখর হয়ে ওঠে। একপর্যায়ে প্রতিবাদে শামিল হন অভিভাবকেরাও। সকাল নয়টার দিকে শিক্ষার্থী ও অভিভাবকেরা মাদ্রাসাসংলগ্ন ছাতারপাইয়া বাজারে বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
সূত্র জানায়, ঘটনার খবর পেয়ে দুপুরে সেনবাগ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করে। পরে ইউএনও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখানে যান। তাঁরা বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধকারীরা শান্ত হন। বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
সেনবাগ থানার ওসি মো. হারুন উর রশিদ চৌধুরী ছাত্রছাত্রীদের মানববন্ধন ও সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, মাদ্রাসার সুপারকে লাঞ্ছিত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
ইউএনও শারমিন আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মাদ্রাসার সুপারকে লাঞ্ছিত করার ঘটনায় সোমবার সন্ধ্যায় সুপার তাঁর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য অভিযোগটি থানায় পাঠিয়েছেন।