কিশোরগঞ্জের ভৈরবে রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম এবং স্থানীয় দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পৌরসভার কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ, কাউন্সিলর মো. আলী সোহাগ, প্রভাষক মো. ফুরকান উদ্দিন, হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, রফিকুল ইসলাম ভৈরবে প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠা করে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। ভৈরবকে মাদকমুক্ত করার বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। আলাল উদ্দিন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। তিনিও মাদকবিরোধী আন্দোলনে সোচ্চার। ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ মিয়ার নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়। এ হামলা জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তারের দাবি জানানো হয়।
গত শনিবার দুপুরে পৌর শহরের গাছতলাঘাট মহল্লার হত্যা মামলার বাদীর পরিবারের ওপর হামলা চালান ফরিদ। এতে বাদী হাজেরা বেগমসহ ছয়জন আহত হন। রফিকুল ও আলাল উদ্দিন তাঁদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে বিকেল চারটার দিকে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ায় ফেরার পথে গাছতলাঘাট এলাকায় তাঁদের ওপর হামলা হয়।
এ ঘটনায় গতকাল রফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদকে প্রধান আসামি করে ভৈরব থানায় মামলা করেছেন। ওসি মুখলেছুর রহমান বলেন, সোহেল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।