প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীর জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা ডাকঘর ভবন ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিবাদ করায় গত ২৭ সেপ্টেম্বর পটুয়াখালী ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) শহিদুল ইসলাম এই মামলাটি করেন।সকাল ১০টায় উপজেলা ডাকঘরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ কাদের প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন কাউন্সিলর মজিবর রহমান, আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমান প্রমুখ। তাঁরা শহিদুল ইসলামকে আমতলীতে অবাঞ্ছিত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার উপজেলা ডাকঘর ভবন ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে অনিয়মের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তদন্ত দলের সাক্ষ্য গ্রহণের সময় উপজেলা ডাকঘর কার্যালয়ে স্থানীয় ওষুধ ব্যবসায়ী ও সাংস্কৃতিককর্মী পরিতোষ রায়কে গালাগাল করে মারতে উদ্যত হন শহিদুল ইসলাম। তিনি তাঁর জিপের চাকার সঙ্গে বেঁধে পরিতোষ রায়কে পটুয়াখালী নিয়ে যাওয়ার হুমকি দেন। পরে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শহিদুল পরিতোষ রায়ের কাছে ক্ষমা চান। এ ঘটনায় আমতলী থানার ওসি মো. শামসুল হক ও পরিতোষ রায় পৃথক সাধারণ ডায়েরি করেন। পরবর্তী সময়ে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ডিপিএমজি ২৭ সেপ্টেম্বর রাতে ২১ জনকে আসামি করে মামলা করেন। ওসি মো. শামসুল হক বলেন, ‘যে ঘটনা নিয়ে মামলা হয়েছে ওই ঘটনার সময় আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’