মেহেরপুরের গাংনী উপজেলায় ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে হাতুড়িপেটা করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষকেরা। তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ওই মানববন্ধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি এর আয়োজন করে। পরে সমিতির নেতারা ইউএনও আরিফ উজ জামানের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধন চলাকালে গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আফজাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষক রফিকুল ইসলামের ওপর হামলার চার দিন হয়েছে, অথচ এখনো হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ১ জানুয়ারি রফিকুল ইসলাম বিদ্যালয়ের যাওয়ার পথে হাতুড়িপেটায় আহত হন। চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। ঘটনার রাতে তিনি বাদী হয়ে মামুন নামের এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেন।
জানতে চাইলে গাংনী থানার পরিদর্শক (তদন্ত) কাফরুজ্জামান বলেন, আসামিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।