
পটুয়াখালী মেডিকেল কলেজ স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ স্থানান্তর ষড়যন্ত্র প্রতিরোধ আন্দোলন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় মেডিকেল কলেজ চত্বরে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন আন্দোলন কমিটির আহ্বায়ক পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল ছালাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হক তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ আলী হাওলাদার প্রমুখ।
আবদুল ছালাম বলেন, পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্রে স্থাপিত মেডিকেল কলেজ কোনোভাবেই এখান থেকে সরিয়ে অজপাড়াগাঁয়ে নেওয়া যাবে না। তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে আজ বুধবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং পরদিন গণস্বাক্ষর গ্রহণ কার্যক্রম শুরু হবে। সমাবেশ শেষে নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সালের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী মেডিকেল কলেজ স্থাপনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের মধ্যেই একটি ভবন নির্মাণ করা হয়। এরপর মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। তিনটি শিক্ষাবর্ষ সাফল্যের সঙ্গে চলছে। ইতিমধ্যে পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ জমির মূল্য ৬০ কোটি টাকা ধার্যে দুই কিস্তিতে পরিশোধের হিসেবে ৩০ কোটি টাকা ছাড় হয়েছে। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী মেডিকেল কলেজের অগ্রগতির লক্ষ্যে একনেকে ৫৮৪ কোটি টাকা পাস করেন। এরই ধারাবাহিকতায় ইন্টার্ন চিকিৎসকদের জন্য ৩১ কোটি টাকা ব্যয়ে দুটি ছাত্রাবাস নির্মাণের জন্য মার্চে দুটি দরপত্র আহ্বান করে পটুয়াখালী গণপূর্ত বিভাগ।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, মেডিকেল কলেজ স্থাপনের জন্য যে জায়গাটি নির্ধারণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, সে জায়গাটি নিয়ে পটুয়াখালী জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা চলমান।
এ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত স্থান থেকে যাতে স্থানান্তর না হয়, এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজটি অন্যত্র স্থানান্তরের জন্য সম্প্রতি পটুয়াখালীর মহিলা সংরক্ষিত আসনের সাংসদ মোসা. লুৎফুননেছা বেগমের স্বামী সুলতান আহমেদ মৃধা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন-উর-রশীদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়।
মেডিকেল কলেজ স্থানান্তরের স্থান পরিদর্শন কমিটির চিঠি পটুয়াখালী পৌঁছার পরপরই এর প্রতিবাদে নানা কর্মসূচি পালন শুরু হয়।