‘বাপ-দাদার দেওয়া মাটিততেন আমাগেরে উচ্ছেদ করলি কনে যাব, কী খাব?’—হতাশার সঙ্গে কথাগুলো বলছিলেন পাবনা সদর উপজেলার গয়েশপুর গ্রামের আফসার আলী। প্রস্তাবিত পাবনা কারাগারের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটির আহ্বায়ক ওমর ফারুক। সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার গয়েশপুর, জালালপুর, শালাইপুর ও ধোপাঘাটা গ্রামে ২০০ কৃষক পরিবার বসবাস করে। প্রস্তাবিত পাবনা কারাগারের জন্য সরকার এই গ্রামগুলো থেকে ৩০ একর তিন ফসলি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গত ১৫ মার্চ পাবনার অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা এক নোটিশের মাধ্যমে জমির মালিকদের এ সিদ্ধান্ত জানায়।লিখিত বক্তব্যে তাঁরা দাবি করেন, অধিগ্রহণের তালিকায় থাকা জমিগুলো তিন ফসলি। এসব জমি থেকে বছরের তিন মৌসুমে প্রায় পাঁচ হাজার ৪০০ মণ ধান উৎপন্ন হয়। গ্রামগুলোর বাসিন্দারা বংশপরম্পরায় উৎপাদিত এই ফসল থেকে তাদের সংসার চালায়। জমিগুলো নষ্ট করে এখানে কারাগার তৈরি করা হলে গ্রামের বাসিন্দাদের না খেয়ে মরতে হবে। পথে বসতে হবে অনেককে। সরকার নিজেই তিন ফসলি জমি অধিগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে এই জমি দখলের সিদ্ধান্ত স্ববিরোধী। সংবাদ সম্মেলনে জমির মালিক আমজাদ হোসেন বলেন, পাবনা শহরের বহু পরিত্যক্ত ও অর্পিত শত্রু সম্পত্তি রয়েছে, যা বন্দোবস্ত দেওয়া হয়েছে। সরকার ইচ্ছা করলে ফসলি জমি নষ্ট না করে এসব জমির ইজারা বাতিল করে প্রস্তাবিত করাগারটি করতে পারে। এ প্রসঙ্গে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আজিজুল হক বলেন, বর্তমান কারাগারের ধারণ ক্ষমতা কম হওয়ায় ও মূল শহরের মধ্যে অবস্থান হওয়ায় সরকার একটি নতুন কারাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। জেলাবাসীর সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করেই স্থানটি নির্বাচন করা হয়েছে। জমির মালিকদের ক্ষতির বিষয়টিও বিবেচনায় রয়েছে। ৩০ একর জমির বিপরীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাড়ে চার কোটি টাকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এ টাকা পেলে জমির মালিকেরা ক্ষতির চেয়ে উপকৃত হবেন।