প্রতিবাদে মিছিল, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে চার বছরের শিশু স্পর্শকে অপহরণের পর হত্যার প্রতিবাদে এলাকাবাসী গতকাল শুক্রবার শোক মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ থেকে আগামী সোমবার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।
ঘোড়াঘাট পৌর শহরে গতকাল বেলা ১১টায় একটি শোক মিছিল বের হয়। এখানে সকাল থেকে বেলা একটা পর্যন্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশটি হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম, স্পর্শের চাচা কল্যাণ চন্দ্র সাহা প্রমুখ। প্রতিবাদ সভা থেকে আগামী সোমবার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার সাত আসামিকে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিনাজপুর গোয়েন্দা ও ঘোড়াঘাট থানা-পুলিশ।
গত বুধবার বিকেলে স্পর্শকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। বুধবার ছিল স্পর্শের জন্মদিন। অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল প্রথম আলোয় ‘চার বছরের শিশুকে হত্যা, চোখ উৎপাটন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
অপহরণ ও হত্যার ঘটনায় গত বুধবার রাতেই কেশব চন্দ্র সাতজনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেন। রাতেই দিনাজপুর গোয়েন্দা ও ঘোড়াঘাট থানার পুলিশ জিল্লুরের বন্ধু মামুন, ইব্রাহীম এবং নুরবানু, শেফালী বেগম, আবু তাহেরের ছেলে সাগর (১৯) এবং কামাল উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করে।
নিখোঁজের পর গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি আমবাগানে দুই চোখ ওপড়ানো ও মুখে মাটি গোঁজা অবস্থায় স্পর্শের লাশ পাওয়া যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জিল্লুর রহমান, বুলেট ও মামুনের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। সেই সঙ্গে জিল্লুরের প্রতিবেশী গৌতম চন্দ্র সাহার বাড়িঘরও ভাঙচুর করে আগুন দেন। বিরামপুর, হাকিমপুর ও নবাবগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।