বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে গত বুধবার ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। এ বদলির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন যুবলীগের নেতা-কর্মীরা। এর আগে বিভিন্ন সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাদের কয়েকজন স্বজন সংবাদ সম্মেলন করে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
ওসির বদলির প্রতিবাদে ‘শাজাহানপুর উপজেলা সচেতন নাগরিক পরিষদ’-এর ব্যানারে গতকাল ঢাকা-রংপুর মহাসড়ক পৌনে এক ঘণ্টা অবরোধ এবং মানববন্ধন করে উপজেলা যুবলীগ।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় স্বেচ্ছাসেবক লীগের নামধারী কিছু নেতার চক্ষুশূল হয়েছেন ওসি আলমগীর। তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে নানা অভিযোগ তুলে শাজাহানপুর থেকে তাড়িয়ে দিয়ে একটি চিহ্নিত গোষ্ঠী সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে।
অন্যদিকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান বলেন, স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের সঙ্গে হাত মিলিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের নির্যাতন-হয়রানি করেছেন ওসি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল অবশ্য দাবি করেছেন, পুলিশে নিয়মিত বদলির অংশ হিসেবে শাজাহানপুর থানার ওসিকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। এই বদলির সঙ্গে কারও অভিযোগের কোনো সংশ্লিষ্টতা নেই।
স্থানীয় কয়েকজনের বিবরণ অনুযায়ী, থাইল্যান্ডভিত্তিক মুরগির খাবার (পোলট্রি ফিড) তৈরির একটি কারখানায় কাঁচামাল সরবরাহ ও পুরোনো বস্তা কেনার ঠিকাদারির নিয়ন্ত্রণ নিয়ে শাজাহানপুর উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের বিরোধের জেরে ওসি আলমগীর হোসেনকে বদলি করা হয়েছে। ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করতে না পারায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতারা ওসিকে প্রত্যাহারের দাবি করে আসছিলেন কিছুদিন থেকে। আর ওসিকে হাতে রেখে ঠিকাদারির কাজ চালাতে চাচ্ছিলেন যুবলীগের নেতারা।
পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুরের নয়মাইল এলাকায় থাইল্যান্ডভিত্তিক একটি শিল্পপ্রতিষ্ঠান গত মার্চ মাস থেকে পোলট্রি ফিড কারখানা চালু করে। কারখানায় চটের পুরোনো বস্তা কেনা, শ্রমিক ও ভুট্টার মতো কাঁচামাল সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে মাঝিড়া বন্দর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামানের সঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের বিরোধ সৃষ্টি হয়।
নুরুজ্জামানের স্ত্রী সুমাইয়া খানম গত শনিবার সংবাদ সম্মেলন করে ওসি আলমগীরের বিরুদ্ধে বক্তব্য দেন। পরের দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ওহাবুজ্জামান নাইমের মা হেলেনা বেগম সংবাদ সম্মেলন করে ওসির বিরুদ্ধে বক্তব্য দেন। একই দিন ওসির পক্ষ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে উপজেলা যুবলীগের সদস্য সাজু আহমেদের বাবা আবদুল জোব্বার বলেন, নুরুজ্জামান একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রভাব খাটিয়ে হত্যা, মারামারি, ভূমি দখল, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। একাধিক হত্যা মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর মতো সন্ত্রাসীকে রক্ষা করতেই শাজাহানপুর থানার ওসির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে।
পরের দিন সোমবার ওসির বিরুদ্ধে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে এসে গ্রেপ্তার হন নুরুজ্জামানের ছোট ভাই ও শাজাহানপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নূর মাহমুদ। ওই ঘটনার পর ওসির প্রত্যাহার চেয়ে পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে অভিযোগ করে স্বেচ্ছাসেবক লীগ।
বদলি হওয়া ওসি আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের কাছে দলীয় পরিচয় মুখ্য নয়। বিদেশিদের নিরাপত্তায় কারখানা থেকে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছিল। তা ছাড়া নুরুজ্জামান এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, ভূমিদস্যুতার বহু মামলা রয়েছে। তাঁর পক্ষ নিয়ে কেউ কেউ আমার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছেন।’
আলমগীর হোসেন শাজাহানপুর থানায় যোগদানের পর থেকেই নানা কারণে আলোচিত-সমালোচিত হন। যুবলীগের এক নেতাকে থানায় ধরে এনে পায়ে গুলি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে ওই নেতার পা কেটে ফেলতে হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার গাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার করলেও ওই নেতা ওসির সামনেই ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন বলে জানা যায়।