প্রতিবাদে রাজবাড়ীর সব হাসপাতালের বহির্বিভাগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর হাসপাতালের একজন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জেলার সব হাসপাতালের বহির্বিভাগে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।গতকাল সকালে রাজবাড়ী সদর হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে। ভুক্তভোগী আবদুর রহিম বলেন, ‘বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রাম থেকে এসেছি। স্ত্রী ও নাতনির শরীর খুব খারাপ, কিন্তু ডাক্তার রোগী না দেখায় বিনা চিকিৎসায় চলে যেতে হচ্ছে।’ সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের সুমী আক্তার (২৪) এসেছিলেন তাঁর এক বছর বয়সী মেয়ে রাজিয়ার শরীরের চুলকানির চিকিৎসা নিতে। কিন্তু চেহারায় দারিদ্র্যের ছাপ থাকা এই নারীকেও হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল সাইফ বলেন, ‘চিকিৎসককে মারধর করার ঘটনায় আমরা বহির্বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ রেখেছি।’ রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আবজাল হোসেন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমরা জরুরি সভায় বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।’গত মঙ্গলবার বিকেলে বিষপান করা এক রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় রোগীর স্বজনেরা চিকিৎসক হারুন অর রশিদকে আরেকবার রোগীকে দেখার জন্য বলেন। তিনি অ্যাম্বুলেন্সে রোগীকে দেখতে গেলে তাঁকে লাঞ্ছিত করা হয়।