প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিরতিহীনভাবে পরীক্ষা নেওয়ার ঘোষণার প্রতিবাদে গতকাল শনিবার রাজশাহীতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধন থেকে সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
আরও জানানো হয়, বিরতিহীন পরীক্ষা নেওয়া প্রশ্নপত্র ফাঁসের কোনো সমাধান নয়। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
গত বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এইচএসসিতে প্রশ্নফাঁস নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পাবলিক পরীক্ষা চললে প্রশ্নপত্রের নিরাপত্তা বিধান করা কঠিন হয়ে পড়ে। তাই আগের মতো আর দীর্ঘ সময় ধরে পরীক্ষা নেওয়া হবে না। পাবলিক পরীক্ষায় সরকারি ছুটি ছাড়া কোনো বিরতি থাকবে না এবং তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরীক্ষাপদ্ধতির পরিবর্তন হবে।
২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর ব্যানারে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, শিক্ষার্থীরা পরীক্ষাগারের গিনিপিগ নয়। যখন-তখন যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্তিতে ফেলা হচ্ছে।
বক্তারা আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা সরকারের দায়িত্ব। সে দায়িত্ব পালন না করে অযৌক্তিকভাবে পরীক্ষার মধ্যে বিরতিগুলো তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, পরীক্ষার আগে কমপক্ষে একবার বইটি সম্পূর্ণ দেখে পরীক্ষায় বসা উচিত। এইচএসসির বিশাল সিলেবাস এক দিনে দুটি কেন, একটি বই ভালোভাবে দেখা সম্ভব নয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি পেশ করে। দাবিগুলো হচ্ছে: প্রশ্নপত্র ফাঁস অবশ্যই রোধ করতে হবে, এইচএসসি পরীক্ষার সময় পর্যাপ্ত ছুটি দিতে হবে, সব পাবলিক পরীক্ষার সময় বৃদ্ধি করতে হবে, গতানুগতিক শিক্ষাপদ্ধতির ধারা অব্যাহত রাখতে হবে এবং এইচএসসি ২০১৫ ব্যাচকে বারবার বিভ্রান্ত করা যাবে না, স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত বদলের দাবিতে কাল সোমবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন করবে শিক্ষার্থীরা।