প্রতিবাদে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার গোপীনাথপুর চম্পকা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল রোববার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
প্রাক্তন ছাত্র ফোরাম ও বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। পরে স্কুলের পাশের সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে স্কুল ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে শিক্ষার্থীরা প্রধান শিক্ষককের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করা হবে বলে হুমকি দেয় তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, অফিস সহকারী পদে নিয়োগপ্রার্থী রিপা পালকে নিয়োগ দেওয়ার জন্য গত বৃহস্পতিবার দুপুরে চাপ সৃষ্টি করে একটি প্রভাবশালী মহল। তিনি এতে অস্বীকৃতি জানালে স্কুলের সহকারী শিক্ষক বিধান চন্দ্র পালের সহযোগিতায় ১০-১২ জন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তাঁর কক্ষে হামলা চালায়। এ সময় তাঁকে লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। এর পরের দিন তিনি পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ করেছেন।
সহকারী শিক্ষক বিধান চন্দ্র পাল বলেন, ‘বিষয়টি সামান্য। কিন্তু আমাকে জড়িয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক।’
সদর থানার এসআই আবদুর রব জানান, প্রাথমিকভাবে শিক্ষককে লাঞ্ছিত করার ও কক্ষে হামলার সত্যতা পাওয়া গেছে।