প্রতিবাদে শরীয়তপুরের সব হাসপাতালের বহির্বিভাগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার রাতে চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের সংগঠন বিএমএর ডাকে গতকাল বুধবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত জেলার সবগুলো হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া বন্ধ ছিল। এতে শত শত রোগী হাসপাতাল থেকে ফিরে গেছে। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে ভেদরগঞ্জ উপজেলার সূর্যদিগল গ্রামের আলী আজম হাওলাদার (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা মাজহারুল ইসলাম তাঁকে ছয়টি ইনজেকশন দেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। আলী আজমের মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই তাঁর স্বজনেরা হাসপাতালে হামলা চালায়। তারা হাসপাতালের চিকিৎসক ও সেবিকাদের মারধর করে। এরপর ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মান্নান হাওলাদার মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আলী আজমের লাশের কাছে ডেকে আনেন। তাঁকে দুই ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিএমএর ডাকে জেলার সব হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল।এদিকে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে আলী আজমের ছেলে বাবু হাওলাদার ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামছুল হক, চিকিৎসা কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সেবিকা বিনা রানীর নাম উল্লেখ করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুল হক বলেন, ‘রোগী নিয়ে চিকিৎসকদের সঙ্গে কী হয়েছিল, তা জানার আগেই ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আমাকে হাসপাতালে ডেকে এনে নির্দয়ভাবে মারপিট করেছেন। তাঁদের হুমকিতে গোপনে চিকিৎসা নিচ্ছি।’ ভেদরগঞ্জ পৌরসভার মেয়র ও নিহত আলী আজমের চাচাতো ভাই আবদুল মান্নান হাওলাদার বলেন, ‘আমার ভাইয়ের পেটে ও বুকে সামান্য ব্যথা ছিল। ডাক্তার রহস্যজনক কারণে তাঁকে পর পর ছয়টি ইনজেকশন দেয়। রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়। তখন নিহতের উত্তেজিত স্বজনেরা হাসপাতাল ঘেরাও করলে আমি পুলিশে খবর দিই। আমার নেতৃত্বে কেউ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ওপর হামলা চালায়নি।’ শরীয়তপুরের সিভিল সার্জন আবদুল ওহাব হাওলাদার বলেন, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে হামলা ও ডাক্তারদের মারধরের ঘটনা অমানবিক।