যশোরের বাঘারপাড়া উপজেলার দরগাহপুর মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য রবিউল ইসলাম তাঁকে কিল-ঘুষি দিয়ে আহত করেন। গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করে শিক্ষক ও শিক্ষর্থীরা ঘটনার বিচার দাবি করেছেন।
মাদ্রাসার শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদ্রাসার সামনে মানববন্ধন করে শিক্ষক লাঞ্ছনার বিচার দাবি করে। মানববন্ধনে অন্তত ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
মাদ্রাসার অধ্যক্ষ আবদুল কুদ্দুস প্রথমআলোকে বলেন, ঈদের ছুটির পর গত সোমবার মাদ্রাসা খুলে পাঠদান শুরু করা হয়। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য রবিউল ইসলাম দুপুরে হঠাৎ মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের বলেন, ‘নবীনবরণ না করে ক্লাস শুরু করতে কে বলেছে? মাদ্রাসা বন্ধ করুন।’ এ সময় কমিটির শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম প্রতিবাদ জানালে রবিউল তাঁকে কিল-ঘুষি মেরে গায়ের জামা ছিঁড়ে ফেলেন। এ ঘটনার পর শিক্ষকেরা পাঠদান বন্ধ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। আজ (বুধবার) পরিচালনা কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে।
এ ব্যাপারে জানার জন্য রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে ফোন ধরেননি। পরে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।