ভাঙচুর ও মারধরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রতিবাদে শিক্ষকদের কলেজে ঢুকতে দিচ্ছে না ছাত্রলীগ!
ছাত্র ভর্তিকে কেন্দ্র করে গত মঙ্গলবার মেহেরপুর সরকারি কলেজে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধর করার ঘটনায় পুলিশ কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদকে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে গতকাল বুধবার শিক্ষকদের কলেজে ঢুকতে দেয়নি ছাত্রলীগ।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার স্নাতক প্রথম বর্ষে ভর্তির কাগজ গ্রহণের সময় ছাত্রলীগের কর্মীরা মেধানুসারে নয়, তাঁদের পছন্দের ছাত্রদের ভর্তি করার দাবি করেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ধূমকেতু ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলামকে মারধর করেন। এ সময় তাঁরা শিক্ষক মিলনায়তনসহ পাঁচটি কক্ষের আসবাব ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, মঙ্গলবার শিক্ষককে মারধর ও কলেজের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় আবু জাহিদসহ ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মীকে আসামি করে সদর থানায় মামলা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রাজ্জাক। এ ঘটনায় পুলিশ আবু জাহিদকে গ্রেপ্তার করায় ছাত্রলীগ গতকাল সকাল থেকেই কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে শিক্ষকদের কলেজে ঢুকতে বাধা দেয়। ছাত্রলীগের বক্তব্য, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা শিক্ষকদের কলেজে ঢুকতে দেবে না। গতকাল সরেজমিনে দেখা যায়, শিক্ষকেরা অসহায়ের মতো কলেজের বাইরে অবস্থান করছেন। কলেজ চত্বর ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর দখলে। পুলিশ সুপার মো. শাহরিয়ার ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ কলেজে অবস্থান করছে। ওসি হাসান হাফিজুর রহমান জানান, ছাত্রলীগের গ্রেপ্তার হওয়া নেতাকে আজ (বুধবার) আদালতে পাঠানো হয়েছে। এই নিয়ে পুনরোত্তেজনা মোকাবিলায় পুলিশ কলেজে অবস্থান করছে।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুন ধূমকেতু অভিযোগ করেন, ওই দিন মেধানুসারে ভর্তির জন্য কাগজ জমা নেওয়া হচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতা জাহিদের নেতৃত্বে (তিনি ছাত্র কি না জানা নেই) ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী তাঁদের পছন্দের ছাত্রদের ভর্তি করার দাবি জানান। কিন্তু তা না করায় তাঁরা তাঁকে গোরস্থানে পাঠানোর হুমকি দিয়ে মারধর করে ভর্তির আবেদন ছিনিয়ে নেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলামকেও মারধর করেন। কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক জানান, ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর কারণে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। কলেজ ব্যবস্থাপনার সব কাজে ছাত্রলীগের অবৈধ হস্তক্ষেপ কলেজ পরিচালনায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এবার তাঁরা কঠোর অবস্থান নিয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রাজ্জাক জানান, মামলা করার পর পুলিশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। তার প্রতিবাদে ছাত্রলীগ শিক্ষকদের কলেজে ঢুকতে না দিয়ে ঘটনাটি আপসের জন্য চাপ দিচ্ছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপম জানান, শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের কর্মীরা ভর্তির কাগজ ছিনতাই নয়, সেগুলো দেখতে নিয়ে গিয়েছিলেন। এ সুযোগে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী কলেজের বিভিন্ন কক্ষে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর ও দুজন শিক্ষককে আহত করেন। বিষয়টি তাঁরা মীমাংসার চেষ্টা করছেন।