
‘৫ শতাংশ না দেওয়ায় বরাদ্দ কম পেয়েছি’, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের এ বক্তব্যের ব্যাখ্যা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সিটি করপোরেশন কলেজ শিক্ষক সমিতি। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম থেকে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, এ লড়াইয়ে শিক্ষক সমাজ সব সময় থাকবে। মেয়র আ জ ম নাছির ঘুষের বিরুদ্ধে যে সাহসী উচ্চারণ করেছেন, তাতে চট্টগ্রামবাসী গৌরব বোধ করছেন। বক্তারা সিটি করপোরেশনের জন্য সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশন কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক, কাউন্সিলর হাসান মুরাদ ও আবিদা আজাদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদুল কবির চৌধুরী, সহসভাপতি আবু তালেব বেলাল প্রমুখ। মানববন্ধনে সিটি করপোরেশন পরিচালিত কলেজের শিক্ষকেরা অংশ নেন।
১০ আগস্ট ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। এ বক্তব্যের ব্যাখ্যা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে মেয়রকে চিঠি দেওয়া হয়।