নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদা নাসরিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ ও মৌন মিছিল করেছেন শিক্ষকেরা।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা সদরে এসব কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।
বিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার দুপুরে বিরতি চলাকালে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন মাঠে খেলার সময় আঘাত পায়। এ ঘটনায় শাহাদাতের বাবা নূর হোসেন বিদ্যালয়ে এসে সহকারী শিক্ষিকা খালেদা নাসরিনের ওপর হামলা চালান। পরে ওই শিক্ষিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
গতকালের কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপজেলা পরিষদ এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা উপজেলা পরিষদের সামনে কবিরহাট-কোম্পানীগঞ্জ সড়কে মৌন মিছিল করেন। এরপর পরিষদের সভাকক্ষে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল কাদের। এতে প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম এহসান কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার।
সভায় বক্তারা শিক্ষিকা খালেদা নাসরিনের ওপর হামলাকারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে হামলার ঘটনায় সেদিনই শিক্ষিকা খালেদা নাসরিন কবিরহাট থানায় নূর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে নূর হোসেন পলাতক বলে জানিয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।