প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়কা-সাতাশী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর গত সোমবার হামলার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল শিক্ষার্থীরা সকালে বিদ্যালয়ে এসে ক্লাস বর্জনের ঘোষণা দেয়। এরপর দুপুর ১২টার দিকে তারা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল বের করে। এটি মাসকা বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে এলাকার লোকজনও যোগ দেন। তাঁরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়টির একজন সহকারী শিক্ষক বলেন, একই ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি নিয়ে উচ্চ আদালতে একটি মামলা চলছে। জয়কা গ্রামের মেহেদী হাসান (৩০) নামের এক ব্যক্তি সেটি নিষ্পত্তি করে দেওয়ার কথা বলেন। তিনি একজন সচিবের আত্মীয়। সপ্তাহখানেক আগে মেহেদী বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তপন সরকার ওই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে মেহেদী হাসান ক্ষিপ্ত হন। সোমবার সকালে মেহেদী আবার তপন সরকারের কাছে টাকা দাবি করেন। তা না দেওয়ায় মেহেদী হাসান বেলা একটার দিকে তিনজন সহযোগী নিয়ে এসে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তপন সরকারকে মারধর করেন। অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। শিক্ষক-শিক্ষার্থীরা আহত অবস্থায় তপন সরকারকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। রাতে তপন সরকার থানায় লিখিত অভিযোগ করেন।
এক শিক্ষার্থীর অভিভাবক আবুল কালাম বলেন, মেহেদী হাসান এলাকায় বখাটে হিসেবে পরিচিত। একজন সচিবের আত্মীয় হওয়ায় সবাই তাঁকে ভয় পান। তাই বলে এভাবে বিদ্যালয়ে ঢুকে একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া মেনে নেওয়া যায় না। এ ঘটনার বিচার হওয়া দরকার।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার বলেন, ‘মেহেদী হাসান এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বিষয়ে তদবিরবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তিনি সঙ্গীদের নিয়ে বিদ্যালয়ে ঢুকে অনৈতিকভাবে আমার ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে থানায় এজাহার দায়ের করেছি। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।’
জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এজাহারের অভিযোগটি তদন্ত করা হচ্ছে। দ্রুত তা মামলা হিসেবে নেওয়া হবে। হামলাকারী আত্মগোপনে থাকায় তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।
এ ঘটনার পর থেকে মেহেদী হাসান আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে কথা বলার জন্য গতকাল একাধিকবার কল করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।