ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে মালবাহী কার্গোতে ডাকাতির প্রতিবাদে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ফলে বন্দরে শতাধিক মালবাহী কার্গো আটকা পড়েছে।
নৌযানশ্রমিকেরা জানান, গত বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ বন্দরে কার্গো এমভি মাহি আরাফাতে ডাকাতি হয়। কার্গোর শ্রমিকদের তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় ডাকাতেরা। ডাকাতদের হামলায় চার শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া গত পাঁচ দিনে অন্তত আটটি জাহাজে ডাকাতির ঘটনা ঘটে।
বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন জানান, কয়েক দিন ধরে আশুগঞ্জ বন্দর ও সার কারখানা এলাকায় মালবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমিকেরা নৌ ধর্মঘটে নামতে বাধ্য হয়েছেন।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মিয়া বলেন, ‘নৌপথে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।’