প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড়বড়াই গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল আমিন সরকার হত্যা মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ।শহরের ছোট বাজারে জেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের কার্যালয়ে গতকাল রোববার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা নুরুল আমিনের খুনিরা যাতে এই মামলা থেকে অব্যাহতি না পান, সে ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুর রব, সদস্য-সচিব জোবায়ের আহমেদ, মামলার বাদী নিহতের ভাই গোলাপ সরকার প্রমুখ বক্তব্য দেন।জানা গেছে, ২০০২ সালের ২৫ আগস্ট জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তরা নুরুল আমিনকে গুলি করে। পরে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ সেপ্টেম্বর মারা যান। এ ব্যাপারে ২২ সেপ্টেম্বর নিহতের ভাই গোলাপ মিয়া বাদী হয়ে একই গ্রামের করিম ঢালী ও রফিক ঢালীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দিলে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে এ বছরের ৭ এপ্রিল ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন এই হত্যা মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে পাবলিক প্রসিকিউটর (পিপি) ঢাকাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এর প্রতিবাদে পরিষদ এ সংবাদ সম্মেলন করে।