ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হওয়াকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাঞ্ছারামপুর-মরিচাকান্দি সড়ক অবরোধ করে।
অবরোধের সময় শিক্ষার্থীরা সাত-আটটি অটোরিকশা ভাঙচুর করে। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে অটোরিকশাচালকদের সংঘর্ষ বেধে যায়। পরে বাঞ্ছারামপুর থানার এসআই ফিরোজ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর উপজেলার মরিচাকান্দি ডিটি একাডেমির ওই পাঁচ শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। বাঞ্ছারামপুর-মরিচাকান্দি সড়কের বাখরনগর এলাকায় শিক্ষার্থীদের বহন করা অটোরিকশাকে পাশ কাটানোর সময় অপর একটি অটোরিকশা এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে পাঁচ শিক্ষার্থীই আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলো বিদ্যালয়ের নবম শ্রেণীর লিপি আক্তার, তামান্না আক্তার, ইমন মিয়া; সপ্তম শ্রেণীর বিউটি আক্তার ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিশি আক্তার। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ইমন মিয়াকে নরসিংদী সদর হাসাপাতাল ও বিউটি আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।