টাঙ্গাইল সদরে গতকাল শুক্রবার ইয়াবা বড়িসহ চারজনকে আটক করে র্যাব। আটক ব্যক্তিদের মধ্যে পরিবহন মালিক থাকায় টাঙ্গাইল থেকে সব পথে সাড়ে সাত ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। র্যাব সূত্র জানায়, সকালে পল্লব সাহা নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে র্যাব। পরে তারা জানতে পারে, পরিবহন ব্যবসায়ী আক্তারুজ্জামান বাবু ও দীপক কুমার সরকার ইয়াবা এনে পল্লবের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। র্যাব ক্রেতা সেজে পল্লবের মাধ্যমে ইয়াবা কিনতে বাইপাস সড়কের রাবনা মোড়ে যায়। সেখানে টাঙ্গাইল বাস কোচ মালিক সমিতির সাবেক সহসভাপতি আক্তারুজ্জামানের মালিকানাধীন গাড়ি থেকে তাঁকে ও অপর পরিবহন ব্যবসায়ী দীপক কুমারকে ৫৯০টি ইয়াবাসহ আটক করা হয়। এ সময় র্যাবের কাজে বাধা দেওয়ায় আক্তারুজ্জামানের আত্মীয় নূরুল ইসলামকেও আটক করা হয়। টাঙ্গাইল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকার জানান, বেলা ১১টার দিকে পরিবহন মালিক আটকের খবর পেয়ে কয়েকজন মালিক ও শ্রমিকনেতা ঘটনাস্থলে যান। সেখানে র্যাবের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে র্যাব লাঠিপেটা শুরু করে। পরে বিক্ষুব্ধ মালিক ও শ্রমিকেরা দুপুর ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তবে বিকেল সাড়ে পাঁচটায় টাঙ্গাইল সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে এক সমঝোতা বৈঠক হয়। জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরিবহন মালিক ও শ্রমিকেরা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ধর্মঘট স্থগিত করেন।