প্রতিবাদে সমাবেশ ও মিছিল নারায়ণগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি ‘হামলা’র প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাসদের জেলা ফোরামের সদস্য অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান ও সেলিম মাহমুদ এবং সিপিবির নেতা শিবনাথ চক্রবর্তী ও বিমল কান্তি দাস।
হাফিজুল ইসলাম সমাবেশে বলেন, গত বুধবার সিপিবি-বাসদসহ গণতান্ত্রিক বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছুড়ে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। বিনা উসকানিতে সরকারের এই আচরণ যেকোনো স্বৈরাচারী শাসনকে হার মানায়। মুষ্টিমেয় মুনাফাখোরের স্বার্থে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই সরকার গণতান্ত্রিক আন্দোলনে ভয় পেয়ে দমন-পীড়নের পথ গ্রহণ করেছে।
সিপিবির জেলা সভাপতি আরও বলেন, গ্যাস খাত লাভজনক। প্রতিটি গ্যাস কোম্পানি লাভজনক অবস্থায় রয়েছে। গ্যাস খাত থেকে সরকার ভ্যাট ও ট্যাক্স বাবদ প্রচুর আয় করছে। গ্যাস খাত উন্নয়নের নামে যে তহবিল গঠন করা হয়েছে, সেখানে বিপুল পরিমাণ টাকা পড়ে আছে। গণশুনানিতে এ কথা প্রমাণিত হয়েছে যে গ্যাসের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। বরং গ্যাসের দাম কীভাবে কমানো যায়, সে জন্য গণশুনানি করা উচিত। কর্তৃপক্ষ জনগণের দাবি মানেনি, বরং দুই ধাপে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো এবং বছরে একবার দাম নির্ধারণের বিধান আছে। শুনানির ছয় মাস পরে এবং দুই দফায় দাম বাড়িয়ে কর্তৃপক্ষ নিজেই আইন ভঙ্গ করল।
হাফিজুল ইসলাম সমাবেশে আরও বলেন, সবচেয়ে বেশি দাম বেড়েছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে। বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম বাড়বে। এমনিতে বহু বাসাবাড়ি ও কারখানা নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। তাই গ্যাসের দাম বাড়ানোয় তাদের দুর্ভোগ আরও বাড়বে। সরকারের চলমান সীমাহীন দুর্নীতি, লুটপাট ও ভুল নীতির দায় জনগণের কাঁধে চাপানোর জন্যই এই দাম বাড়ানো। তিনি সিপিবি-বাসদের ঘেরাও কর্মসূচিতে হামলাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবি জানান।