রাজবাড়ীতে সড়ক পরিবহনের শ্রমিকনেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকেরা গতকাল সোমবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত সাত ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। রাজবাড়ী পৌরসভার মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়ার মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হয়।পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া প্রথম আলোকে জানান, বৈঠকে মিল কর্তৃপক্ষ মামলা তুলে নিতে সম্মত হওয়ার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয় এবং শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করতে রাজি হন। এ ছাড়া তেল চুরির ঘটনা প্রমাণিত হলে শ্রমিক ইউনিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি।স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী তেলের মিলের জন্য চট্টগ্রাম থেকে ট্রাকে ৭০ ব্যারেল সয়াবিন তেল পাঠানো হয়। কিন্তু গত রোববার সাত ব্যারেল তেল কম পাওয়ায় ট্রাকচালক মোহাম্মদ আলী (৪০) ও তাঁর সহযোগী জামালকে (২৮) এর কারণ জিজ্ঞাসা করা হয়। তাঁদের কথায় সন্দেহ হলে রাজবাড়ী তেলের মিলের ব্যবস্থাপক নাছির উদ্দিন রাজবাড়ী থানায় মামলা করে রাত ১০টায় তাঁদের সদর থানায় সোপর্দ করেন। এ ঘটনার পর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস খানের নেতৃত্বে শ্রমিকেরা মিলের অন্য ব্যবস্থাপক গোবিন্দকে ডেকে এনে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আটক করে রাখেন। গতকাল ভোরে আবদুল কুদ্দুসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এ ঘটনায় সকাল সাতটা থেকে শ্রমিক ইউনিয়নের ডাকে সড়ক অবরোধ করা হয়। এতে রাজবাড়ীর সঙ্গে রাজবাড়ী কুষ্টিয়া ও দৌলতদিয়ার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় শহরের বড়পুল, নতুন বাজারসহ বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে পথে ব্যারিকেড সৃষ্টি করা হয়।এ ব্যাপারে আবদুল কুদ্দুস খান জানান, রাজবাড়ী তেলের মিলের তেল চুরির মিথ্যা অভিযোগে ট্রাকচালক ও সহকারীকে মারধর করে পুলিশে দেওয়া হয়।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হায়দার মিয়া জানান, তেল চুরির অভিযোগে মামলা হওয়ায় ট্রাকচালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।আমাদের গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, আবদুল কুদ্দুস খানকে আটকের সংবাদ পেয়ে গতকাল সকাল থেকে পরিবহন শ্রমিকেরা দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় ঘাটগামী ও ফরিদপুরমুখী সড়ক অবরোধ করেন। এতে উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকেরা। রাজবাড়ীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল মান্নান প্রথম আলোকে জানান, সকাল আটটার দিকে শ্রমিকেরা গোয়ালন্দ মোড় এলাকায় আন্দোলন করলে মোড় থেকে দৌলতদিয়া ঘাট ও মোড় থেকে ফরিদপুর সড়কে কয়েক শ পরিবহন আটকা পড়ে। পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও তিনি নিজে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করলে তাঁরা সকাল সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নেন। এ ব্যাপরে কাউকে গ্রেপ্তার করা হয়নি।