জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রামে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এরপর দুই দলের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিপিবি ও বাসদের চট্টগ্রাম জেলা শাখা এই কর্মসূচি পালন করে।গতকাল চট্টগ্রাম আদালত ভবন এলাকায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়েনি, অথচ সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে পরিবহন ভাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের স্বার্থ রক্ষায় সরকার এই গণবিরোধী পদক্ষেপ নিয়েছে। ভুক্তভোগী সাধারণ মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে জোরদার সংগ্রাম গড়ে তুলতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের জেলা আহ্বায়ক মানস নন্দী ও সিপিবির নেতা মছিউদ্দৌলা।