প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই নারী শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সুনামগঞ্জ পৌর শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষকেরা। গতকাল সোমবার তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে গতকাল দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ার এলাকায় মানববন্ধন এবং পরে শহরে বিক্ষোভ করেন শিক্ষকেরা। এ ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার প্রতিটি জেলায় কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি।
গতকাল সুনামগঞ্জে আয়োজিত মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে শিক্ষিকাদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। অন্যথায় কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা। পরে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
গত বৃহস্পতিবার সকালে ধরমপাশার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার তাঁর লোকজন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রানী দাস ও সহকারী শিক্ষক মণি রানী তালুকদারকে মারধর করেন। তবে সর্বানন্দ তালুকদার শিক্ষিকাদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী বৃহস্পতিবার বেলা তিনটায় দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক সাবেরা বেগম।