নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহম্মদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রোববার সেনবাগ পৌর শহরে ও ছমিরমুন্সিরহাট বাজারে এই বিক্ষোভ হয়।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে জেলা আওয়ামী লীগ গঠিত সমন্বয় কমিটির বৈঠকের পাল্টা বিশেষ মতবিনিময় সভা আহ্বানের জের ধরে গত শনিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জাফর আহম্মদ চৌধুরীকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ‘কেন বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যার কিছুক্ষণ আগে জাফর আহম্মদ চৌধুরীর অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল কর্মী সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা হাইস্কুল গেট এলাকা থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মিছিলকারীরা এ সময় শহরে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র জানায়, একই সময় উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারেও জাফর আহম্মদ চৌধুরীর একদল সমর্থক বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে ফেনী-নোয়াখালী সড়ক প্রদক্ষিণ করেন। সেখানেও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মিছিল শেষে প্রায় ২০ মিনিট পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, পুলিশের টহল থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাঁরা মিছিল করে চলে গেছেন।