চিকিৎসক ও পুলিশ বলছে, গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। কিন্তু তাঁর পরিবার আর গ্রামবাসীর দাবি, শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন চালিয়ে হত্যার পর তাঁর মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শ্বশুরবাড়িতে ঘরের সামনেই গৃহবধূর লাশ দাফন করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী। নিহত গৃহবধূর নাম সালমা আক্তার (২৫)। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বদরপুর গ্রামের জহিরুল ইসলাম পাটওয়ারীর স্ত্রী। ঘটনার পর থেকে জহিরুল ও তাঁর বাড়ির লোকজন পলাতক। সালমার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি পাশাপাশি।গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সালমার কবর দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ বদরপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে ভিড় করছে। এ সময় সালমার ভাই মো. সালাউদ্দিন বলেন, একজন নিরপরাধ মানুষকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। অথচ পুলিশ এ ঘটনায় মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা নিয়েছে। এমনকি পুলিশের কেউ ঘটনাস্থল পর্যন্ত আসেননি। এসব কারণে গ্রামের সবার সিদ্ধান্তে এ হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ সালমার মৃতদেহ শুক্রবার রাতে তাঁর স্বামীর ঘরের সামনে দাফন করা হয়েছে। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মানিক মিয়া, মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সালমাকে বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক ঘণ্টা পর তিনি মারা যান। পরদিন সকালে হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি বলেন, সালমা বিষপানে মারা গেছেন বলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফেরদাউস ওয়াহিদ প্রাথমিক প্রতিবেদনে লিখেছেন। তবে সালমার বাবা জিতু মিয়া অভিযোগ করেন, স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবর মিলে কয়েক দফায় মারধর করে সালমাকে হত্যা করেছেন। তিনি বলেন, ‘ঈদের আগে মাইক্রোবাস কেনার জন্য আমি জামাই জহিরুলকে দেড় লাখ টাকা দিই। কিন্তু এর পরও তাঁরা আমার মেয়েকে বাঁচতে দিল না।’ মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নেপাল কৃষ্ণ বলেন, এ ঘটনায় মেয়ের বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে অস্বাভাবিক কিছু পেলে এটি হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। ঘটনাস্থলে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওসি স্যারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’