পটুয়াখালী সরকারি কলেজের দুই ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, একটি বাড়িতে হামলা এবং ভাঙচুর চালিয়েছে। পুলিশ সাতজন ছাত্রকে আটক করেছে। কলেজ শিক্ষক পরিষদ গতকাল থেকে তিন দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। গতকাল বেলা দুইটার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার রাতে নির্যাতনের শিকার কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র সোহানুর রহমান ও সাগর মাহামুদ পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানায় দায়ের করা অভিযোগ ও কলেজ সূত্রে জানা যায়, সোহান কলেজসংলগ্ন বাড়ি ‘মিয়া ভিলা’য় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। রোববার রাত সাড়ে আটটার দিকে সাগর একটি বই আনার জন্য সোহানের কক্ষে যান। রাত নয়টার দিকে বাড়ির মালিক ইউনুস মিয়ার দুই ছেলে জনি ও আরিফ দলবল নিয়ে সোহানের কক্ষে যায় এবং তাদের পাশের কক্ষ থেকে দুটি মুঠোফোন সেট চুরির অজুহাতে ওই দুই ছাত্রকে তুলে নিয়ে তাঁদের ওপর নির্যাতন চালায়। সোহান জানান, তাঁদের দুজনের হাত-পা-মুখ বেঁধে রোববার রাত নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত লোহার পাইপ ও লাঠি দিয়ে পেটানোসহ নানাভাবে নির্যাতন চালানো হয়। সোমবার দুপুর পর্যন্ত তাঁদের উপোস রাখা হয়। নির্যাতনের কথা ফাঁস না করার শর্তে বেলা দুইটার দিকে তাঁরা ছাড়া পান। এদিকে গুরুতর আহত অবস্থায় দুই ছাত্র সোমবার কলেজে ফিরলে ঘটনা জানাজানি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করে। সন্ধ্যায় বিক্ষুব্ধ কয়েক শ ছাত্র শহরে বিক্ষোভ মিছিল করে। পরে প্রেসক্লাবের সামনে তাঁরা সমাবেশ করে। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে। সকাল সাড়ে নয়টার দিকে একদল ছাত্র লাঠিসোঁটা নিয়ে মিয়া ভিলায় হামলা চালায়। তারা মিয়া ভিলার নিচে রাখা সাতটি ইজিবাইক, পাশের একটি স্টুডিও ও ওষুধের দোকানে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে কলেজের সাতজন ছাত্রকে আটক করে। তারা হচ্ছে, গোলাম মোস্তফা, উয়ামিন, জাহিদুল, বায়েজিদ, হাসান, আতিক হাসান ও আরিফ।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কলেজের দুই ছাত্র নির্যাতনের ঘটনায় কলেজ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. শাহাবুদ্দিন সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।