সড়ক দুর্ঘটনায় আহত কুড়িগ্রাম সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র মমিনুল ইসলাম গতকাল শনিবার ভোরে মারা গেছেন। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, দোকান ভাঙচুর ও বাসে আগুন ধরিয়ে দেন। নিহত মমিনুল ইমলাম উলিপুর উপজেলার রেলগেট সংলগ্ন জোনাইডাঙ্গা গ্রামের আছর উদ্দিনের ছেলে। তিনি শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হন।মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল সকালে বিক্ষুব্ধ ছাত্ররা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন। তাঁরা কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ ও কমপক্ষে ২৫টি দোকান ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় একজন কলেজশিক্ষক ও পাঁচ ছাত্র আহত হন। আহতরা হলেন: উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মোখলেছুর রহমান, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হূদয়, ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রবিন, রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাজিউর, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাহিদ ও চতুর্থ বর্ষের ছাত্র চিং এসা প্রদীপ। সবাইকে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় হূদয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, মমিনুল ইমলাম শুক্রবার সকাল নয়টার দিকে সাইকেলযোগে কুড়িগ্রাম পৌর বাজারে আসছিলেন। পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের জজকোর্ট মোড়ে চিলমারী থেকে কুড়িগ্রামগামী একটি মিনিবাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং পরে বেলা দুইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল শনিবার ভোর চারটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল সকাল নয়টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্ররা ভোকেশনাল মোড় থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ গেট এলাকা পর্যন্ত গাছের গুঁড়ি, বাঁশ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। একপর্যায়ে একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া কয়েক দফায় এ রাস্তার দুই পাশের ২৫টি দোকান ভাঙচুর করেন। একপর্যায়ে ছাত্ররা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা করতে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। বিআরটিসি সদর থানায় অগ্নিসংযোগের মামলা করেছে। মমিনুল ইসলামের প্রথম জানাজা গতকাল বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে হয়। পরে তাঁর লাশ উলিপুর উপজেলার জোনাইডাঙ্গা গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কলেজের উপাধ্যক্ষ তোফায়েল হোসেন বলেন, গতকাল বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পাসে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে দুর্ঘটনা রোধে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জজকোর্ট মোড়ে যাত্রী ছাউনি ও গতিরোধক নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে।