সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সরকারি কলেজের স্নাতক (বিএসএস) প্রথম বর্ষের ছাত্র নাঈম উদ্দিন ওরফে রিমন (২০) নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাঁরা ঘাতক আল-আমিন বাস বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।গত মঙ্গলবার শহরের মাইজদী বাজার এলাকার বিটিভির সেন্টারের সামনে চৌমুহনী-মাইজদী মহাসড়কে আল-আমিন পরিবহনের একটি বাস দুই মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নাঈম উদ্দিন ও চালক মো. হোরণকে চাপা দেয়। এতে তাঁরা দুজনই মারাত্মক আহত হন।স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই রাতেই নাঈম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত হোরণ এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন।নিহত নাঈম নোয়াখালী পৌরসভার বদরীপুর এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। কলেজছাত্র নাঈমের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং ঘাতক আল-আমিন বাস বন্ধের দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী কলেজ থেকে তাঁর সহপাঠীরা ‘বন্ধু মহল’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসেন।