চাঁপাইনবাবগঞ্জের চারটি পথে গতকাল বৃহস্পতিবার যানবাহন চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। এ কারণে বেলা ১১টা থেকে টানা সাড়ে তিন ঘণ্টা চরম দুর্ভোগে পড়তে হয় ঈদে ঘরে ফেরা মানুষসহ সাধারণ যাত্রীদের। পৌরসভার মেয়র ও তাঁর লোকজনের হাতে এক বাসচালক প্রহূত হওয়ার প্রতিবাদে শ্রমিকেরা ওই সব পথে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকেরা ব্যারিকেড তুলে নেন।শ্রমিকেরা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মতিনের জিপের সঙ্গে শুক্রবার দুপুরে অগ্রদূত পরিবহনের একটি মিনিবাসের ধাক্কা লাগে। এতে মেয়রের গাড়ির দরজা বেঁকে গেলে তিনি গাড়ি থেকে নেমে বাসচালক হামিদুল ইসলামকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা লোকজনও ওই চালককে মারধর করেন। তাঁরা মিনিবাসে ভাঙচুরও করেন। এর প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টার দিকে শ্রমিকেরা সংগঠিত হয়ে কেন্দ্রীয় টার্মিনালের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে এলোপাতাড়ি বাস রেখে সড়ক বন্ধ করে দেন। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ-নাচোল ও চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর পথেও যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কে এম আলী আজম, সদর উপজেলার চেয়ারম্যান রুহুল আমীন, সদর থানার ওসি খন্দকার গোলাম মর্তুজাসহ আরও অনেকে। তাঁরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকেরা আড়াইটার দিকে ব্যারিকেড তুলে নেন।চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, আড়াইটার পর থেকে সব রুটেই যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসন বৈঠক করে বাসচালককে মারধরের ঘটনায় প্রয়োজনী ব্যবস্থা না নিলে আরও কর্মসূচি দেওয়া হতে পারে। তবে মেয়র আবদুল মতিন মারধরের কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছি। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে জড়ো হওয়া লোকজন ক্ষিপ্ত হয়ে মিনিবাসচালককে মারতে উদ্যত হয়। বরং আমিই তাকে রক্ষা করেছি।’