প্রতিবাদে হবিগঞ্জে আদালত বর্জন
হবিগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জেলার আইনজীবীরা আদালত বর্জন করেছেন। একই সঙ্গে তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এনামুল হককে (৩৬) গত মঙ্গলবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই আইনজীবী হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে বাড়িওয়ালা শাহীনের সঙ্গে এনামুল হকের ঝগড়া হয়। একপর্যায়ে দুই-তিনজন সহযোগী নিয়ে শাহীন ধারালো অস্ত্র দিয়ে এনামুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ ঘটনায় গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা শাহীনকে গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন।