
সিলেট নগরের জিন্দাবাজারের এলিগ্যান্ট শপিং মলের ব্যবসায়ী করিম বক্স মামুনের (২৬) খুনিকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন ব্যবসায়ীরা। নইলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল সোমবার ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ জেলা ও নগর শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে দুই ঘণ্টার জন্য জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
এলিগ্যান্ট শপিং মলের সামনে গত মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে বচসার একপর্যায়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি সুলেমান চৌধুরীর ছুরিকাঘাতে আহত হন ব্যবসায়ী মামুন। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ভোরে মারা যান। সিসিটিভি ক্যামেরায় ছুরিকাঘাতের দৃশ্য দেখে সুলেমান ও তাঁর দুই সঙ্গীকে আসামি করে নিহত মামুনের বাবা আনোয়ার বক্স সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার আগেই ছাত্রলীগ নেতা সুলেমানকে কেন্দ্রীয় ছাত্রলীগ স্থায়ীভাবে বহিষ্কার করে। এরপর থেকে পলাতক রয়েছেন সুলেমান।
ঘটনার চার দিন পরও পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করতে না পারায় ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে গতকাল দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়। ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশে একাত্ম হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
কর্মসূচি শেষে ব্যবসায়ী নেতা নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে খুনি গ্রেপ্তারে সময় বেঁধে দেওয়ার পর পুলিশের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করব।’