
স্থানীয় সাংসদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নারায়ণগঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষককে কানে ধরে ওঠবস করানোর প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এ ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে জমা দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী গতকাল বুধবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ‘প্রতিবেদনটি মাত্র হাতে পেয়েছি। পড়েও দেখতে পারিনি। সকালে এটি দেখে বেলা ১১টায় এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হবে।’
তবে শিক্ষামন্ত্রী দুপুরে বলেছিলেন, এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের পুনর্বহাল চেয়েছে। লাঞ্ছনার শিকার শিক্ষক শ্যামল কান্তি ভক্ত সাংবাদিকদের বলেছেন, তিনি বীরের বেশে বিদ্যালয়ে ফিরতে চান।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কানে ধরে ওঠবস করানো হয়। এ নিয়ে কয়েক দিন ধরেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে।
উচ্চ আদালতের রুল: শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় স্থানীয় সাংসদ সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল দেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি), বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিন দিনের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে নারায়ণগঞ্জের এসপিকে নির্দেশ দিয়েছেন আদালত। শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন গতকাল আদালতের নজরে আনেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন। পরে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালকের নেতৃত্বাধীন তদন্ত কমিটি গত মঙ্গলবার রাতে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করেন। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী গতকাল সাংবাদিকদের কাছে এ ঘটনাকে কলঙ্কজনক বলে মন্তব্য করেন।
স্কুলে ফিরতে চান শিক্ষক: সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গতকাল হাসপাতালে সাংবাদিকদের বলেছেন, তিনি ইসলাম ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি। ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান ও মতিউর রহমান পূর্বপরিকল্পিতভাবে লোকজন দিয়ে তাঁকে মারধর করিয়েছেন এবং ওই পরিস্থিতি সৃষ্টি করেছেন। তিনি বলেন, বীরের বেশে প্রধান শিক্ষক হিসেবে ওই স্কুলেই ফিরতে চান তিনি। যাঁরা তাঁকে নির্যাতন ও জনসম্মুখে কানে ধরে ওঠবস করিয়েছেন, তাঁদের শাস্তি দাবি করেন তিনি। শ্যামল কান্তি ভক্তের স্ত্রী সবিতা রানী অভিযোগ করেন, তাঁর স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ জন্য তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
১৪ দল পুনর্বহাল চায়: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের পুনর্বহাল চেয়েছে। জোট মনে করে, সাংসদ সেলিম ওসমান যে কাজটি করেছেন, তাতে সাংসদ হিসেবে তাঁর মর্যাদা তিনি রক্ষা করতে পারেননি; বরং অন্য সাংসদদের মর্যাদাও তিনি ক্ষুণ্ন করেছেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল ১৪ দলের এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এদিকে দলীয় সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আপাতত কোনো ব্যবস্থা নিচ্ছে না তাঁর দল জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির সূত্র জানায়, ওই দিনের প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে জাপা নির্ভর করছে মাউশির তদন্ত কমিটির ওপর। জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, সরকারিভাবে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার প্রতিবেদন দেখে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেলিম ওসমানের পক্ষে সংবাদ সম্মেলন: গতকাল দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আটটি জাতীয় ও ৩৫টি জেলাভিত্তিক সংগঠনসহ ব্যবসায়ী নেতারা সংবাদ সম্মেলন করে সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন। লিখিত বক্তব্য পড়েন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুরুল হক। সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিকেএমইএর সভাপতি।
এদিকে বিকেলে সাংসদ সেলিম ওসমানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা সিপিবি-বাসদের সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বনির্ধারিত সমাবেশ ঘোষণা করা হলেও প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের ফাঁসির দাবিতে তাহরিকে নবুয়্যতে বাংলাদেশ নামের একটি ইসলামিক সংগঠন শহীদ মিনার দখল করে রাখে। ফলে সিপিবি-বাসদের নেতা-কর্মীরা সমাবেশ করেন প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে।
এদিকে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে সেলিম ওসমানসহ জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সেলিম ওসমানের সংসদ সদস্যপদ বাতিল এবং তাঁকেসহ এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
আরও প্রতিবাদ: এ ঘটনায় সাংসদ সেলিম ওসমানের বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে সারা দেশ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এ ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধা ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে আজ দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত মানববন্ধন করা হবে। সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।
এ ছাড়া শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, গণসংহতি আন্দোলন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের জোট সামাজিক প্রতিরোধ কমিটি।
এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করেছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।